যানবাহন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে ট্রেডমার্ক সনদ পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘ক্লাশ ১২’ ক্যাটাগরিতে ওয়ালটনকে এ সনদ দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)।

আজ বৃহস্পতিবার (১৭ জুন, ২০২১) অফিসার্স ক্লাবে মুজিববর্ষ ও বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) হাতে ট্রেডমার্ক সনদপত্র তুলে দেওয়া হয়। ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মেধাসম্পদ’ শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজনে ছিল পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর।
 

প্রধান অতিথির কাছ থেকে সনদ গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফ হারুনুর রশীদ এবং জাহিদুল ইসলাম।

উল্লেখ্য, ট্রেডমার্ক নিবন্ধন সনদপত্র পাওয়ায় ওয়ালটন ব্র্যান্ডের নামে সড়কযান যেমন: মোটরসাইকেল, যাত্রীবাহী গাড়ি, ট্রাক, বাস ট্রেইলার, ট্রাক্টর, ভ্যান, স্পোর্টস কার, অমনিবাস, ট্রলার, ইয়ট ইত্যাদির যন্ত্রাংশ, ইঞ্জিন, বডি ও চাকা, আকাশ ও নৌযান, বাইসাইকেল, ইলেকট্রিক বাইসাইকেল, ট্রাইসাইকেল ইত্যাদি পণ্য ও যন্ত্রাংশ উৎপাদন ও বাজারজাত করা যাবে।

দেশের মেধা কাজে লাগিয়ে স্থানীয় শিল্পের বিকাশে ওয়ালটনের গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য সন্তোষ প্রকাশ করেন শিল্পমন্ত্রী এবং শিল্প প্রতিমন্ত্রী। এজন্য তারা ওয়ালটন কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

এবিএস