হতভাগ্য মালয়েশিয়ান এয়ারলাইন্সের ৬,০০০ কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানিয়েছে যাত্রীবাহী এ সংস্থার পরিচালনা পরিষদ।

শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, লোকসান কমাতে এক সময় এশিয়ার দাপুটে বিমান সংস্থাটির ২০ হাজার কর্মীর ৩০ শতাংশ বা ৬ হাজার কর্মী ছাঁটাই করা হবে। এরপর এটিকে পুরোপুরি রাষ্ট্রায়ত্ত্ব করা হবে।

বর্তমানে মালয়েশিয়া এয়ারলাইন্সের ৬৯ শতাংশের মালিক সরকার। পুনগর্ঠনের এই কাজে সরকারের ১৯০ কোটি ডলার ব্যয় হবে।

মাত্র ৫ মাসের মধ্যে মালয়েশিয়ার এয়ারলাইন্সের দুটো যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৫ শতাধিক যাত্রী নিহত হওয়ার পর বিমান সংস্থাটি গভীর সংকটের মুখে পড়েছে।

গত মার্চে কুয়ালালমপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় এমএইচ ৩৭০ বিমানটি। এতে ২৩৯ জন আরোহী ছিল। আজো এর কোনো সুরাহা হয়নি।

এরপর জুলাই মাসে ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ২৯৮ জন আরোহী নিয়ে ভূপাতিত হয় এমএইচ১৭ বিমানটি। সূত্র: এপি, রয়টার্স

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ