দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রাজধানীর পুরান ঢাকার হোসনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলায় ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী নবম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো বাংলাদেশ ২০১৫ উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।

‘কিন্তু দেশের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্রকারীরা বসে নেই। না হলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূর্জা সম্পন্ন হলো। তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলা হবে কেন।’

বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে ছোট করতেই দু’জন বিদেশি নাগরিককে হত্যা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মহিলা উদ্যোক্তাদের জন্য ২৯টি স্টল বরাদ্দ ছিল জানিয়ে তিনি বলেন, কম ভাড়ায় এসব স্টল বরাদ্দ নিতে পারে। আগামীতেও এ সুবিধা থাকবে। এছাড়া বিদেশে মেলায় অংশ নিতে চাইলে সরকার অর্ধেক খরচ বহন করবে।

এফবিসিসিআই’এ পরিচালক নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে চট্টগ্রাম উইমেন চেম্বার দাবি জানিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম উইমেন চেম্বার থেকে পরিচালক নিয়োগ দেওয়া হবে।

মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করে বিপুল পরিমান মুনাফা অর্জন করলেও শেয়ার বাজারে বিনিয়োগ না করায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন,‘এদেশে ব্যবসা করে মুনাফা করবে। শেয়ার বাজারে যাবে না; এটা হয় না।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, এফবিসিসিআই সহ সভাপতি মাহবুবুল আলম, মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান রেখা আলম প্রমুখ বক্তব্য রাখেন।

পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মেলায় ৩৫০টি স্টল, ১৫টি প্যাভিলিয়ন একটি এক্সিবিশন হল রয়েছে।মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চিটাগং উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কামরুন মালেক, সিনিয়র সহসভাপতি গুলশানা আলী, সহ সভাপতি আইভি হাসান, সাবেক সিনিয়র সহসভাপতি খালেদা এ আউয়াল, মেলার কো চেয়ারম্যান সুলতানা নুরজাহান রোজী, আবিদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে