"বঙ্গবন্ধুর বাংলায়, কোটা বৈষম্যের ঠাঁই নাই’ ‘মেধা দিয়ে আমলা, কোটা দিয়ে কামলা”স্লোগানকে সামনে রেখে বিসিএস সহ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গণ-পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, রংপুর বিভাগীয় কমিটির ব্যানারে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে রংপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সহস্রারাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

রবিবার দুপুর ২টায় বেরোবি ক্যাম্পাসের শেখ রাসেল চত্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণ পদ-যাত্রাটি নগরীর লালবাগে গেলে কারমাইকেল কলেজের আরেকটি গণ পদযাত্রার সাথে মিলিত হয়। সম্মিলিত গণ-পদযাত্রাটি লালবাগ ঘুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কেড় মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘এ দেশকে মেধাশূন্য করতে এধরণের কোটা পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে মেধাবিদের বঞ্চিত করা হচ্ছে। ফলে, অযোগ্যরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে যাচ্ছে। এতে, দেশে দুর্নীতি বাড়ছে, উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে।

বক্তারা আরও বলেন, একটি দেশে কোটা থাকতে পারে, তাই বলে ৫৬ শতাংশ কোটা রাখা কোনোভাবেই যৌক্তিক নয়। কিন্তু বাংলাদেশে যে কোটা প্রবর্তন করা হয়েছে এর মাধ্যমে শিক্ষিত ও মেধাবিদের পিছিয়ে দেয়া হচ্ছে। এসময় প্রধানমন্ত্রীর কাছে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিও জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রংপুর বিভাগীয়  আহবায়ক ওয়াদুদ সাদমান, বেরোবি শাখা আহবায়ক রোকনুজ্জামান রবিউল, যুগ্ন আহবায়ক রেজাউল করিম শাকিল, কারমাইকেল কলেজ শাখার আহবায়ক শামীম রেজা, বেরোবির শিক্ষার্থী হাফিজুর রহমান প্রমুখ ।

ইভান চৌধুরী/এসএম