‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (৫ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রজাপতি মেলা- ২০১৪।’ প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা মেলাটির আয়োজন করেছে।
বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন ধরনের প্রজাপতি প্রদর্শন ছাড়াও দিনব্যাপী নানা আয়োজন থাকবে বলে জানিয়েছেন মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন।
শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ক্যাথরিন মাসুদ।
দিনব্যাপী এ মেলায় প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টরি প্রদর্শনী, প্রজাপতি আদলের ঘুড়ি উড্ডয়ন, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মো. মনোয়ার হোসেন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতির ভূমিকা তুলে ধরে গণসচেতনতা বৃদ্ধিই লক্ষ্যে এ মেলার আয়োজন করা হবে।
কেএইচ





