একাদশ শ্রেণীতে ভর্তি জটিলতার জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এটা হচ্ছে উন্নয়নের বেদনা।’ যারা এখনো ভর্তি হতে পারেনি তারা চার ধাপে আগামী ২১ দিন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভর্তি হতে পারবে বলেও জানান তিনি।

সচিবালয়ে রবিবার একাদশ শ্রেণীতে ভর্তি সম্পর্কিত বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এবার অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়টি বড় ও ব্যাপক। কিন্তু আমাদের প্রযুক্তিগত ক্ষমতা ও দক্ষতা সীমাবদ্ধ। তাই এ বিশদ কর্মকাণ্ডে কিছু ত্রুটি হয়েছে। কেউ সঠিক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি, এক কলেজের জায়গায় অন্য কলেজের নাম চলে গেছে, এমনকি ছেলেদের কলেজে মেয়েদের নাম চলে গেছে। এমন অনেক ভুলত্রুটি হয়েছে। এ কারণে আমাদের যে সব প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও শ্রদ্ধেয় দেশবাসী সমস্যায় পড়েছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

ভর্তিতে জটিলতার বিষয়টিকে উন্নয়নের বেদনা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা নিশ্চিত, এবারের মতো সমস্যা ভবিষ্যতে হবে না। উন্নত মান অর্জনের শুরুতে সমস্যা হল এটা। বড় কোনো কাজ উন্নত পর্যায়ে পৌঁছতে গেলে ছোটখাটো সমস্যা হয়। বড় অর্জন তাহলে সম্ভব হয়।’

তিনি বলেন, ‘এখনো যারা ভর্তি হতে পারেনি, তারা কোনো প্রকার বিলম্ব ফি ছাড়াই আগামী ৩ সপ্তাহের মধ্যে একাদশে ভর্তি হতে পারবে। চারটি পর্যায়ে এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ভর্তি জটিলতার জন্য কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না।’

এবার নতুন পদ্ধতিতে ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী একাদশে ভর্তিতে আবেদন করেছে জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘রবিবার পাওয়া সর্বেশেষ তথ্য অনুযায়ী ৯ লাখ ২৩ হাজার ১০৫ জনের ভর্তি সম্পন্ন হয়েছে।’

এএইচ