জাহাঙ্গীরনরগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম দেশের ‘প্রথম নারী উপাচার্য’ হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ শিক্ষক ফেডারেশন।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে ‘ভবিষ্যতের বিনিয়োগ, শিক্ষকের জন্য বিনিয়োগ’ আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে এ তথ্য জানানো হয়।

অধ্যক্ষ কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, উপাচার্য ড. ফারজানা ইসলাম, ইউনেস্কোর বাংলাদেশস্থ প্রতিনিধি কিচি কাসু প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকের দারিদ্রতা দূর করতে হবে।

শিক্ষকদের দারিদ্রতা লাঘবে তাদের জন্য স্বতন্ত্র্য পে স্কেল জরুরি। সরকারকে এ জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

উপাচার্য আরো বলেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে নারীর পদায়ন ঘটেছে। এই পদায়তনের সঙ্গে নারীর ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

নারীর ক্ষমতায়নের যে দরজা খুলেছে, এখন সেই দরজা দিয়ে বের হয়ে এগিয়ে যেতে হবে।

রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে।

অনুষ্ঠানে শিক্ষক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ শিক্ষার সার্বিক মান উন্নয়নের জন্য শিক্ষা ক্ষেত্রে জাতীয় বাজেটের শতকরা ২০ ভাগ বরাদ্দ দেয়ার দাবি করেন।

এআর