রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) ভর্তি পরীক্ষায় তিন বিভাগে ৬৫টি আসন বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে ভর্তি পরীক্ষার ফরমের মূল্য নির্ধারণ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপরেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান।

তিনি জানান, এ শিক্ষাবর্ষে আইন বিভাগে ৫০টি, সঙ্গীত বিভাগে ৫টি ও ফিশারিজ বিভাগে ১০টি আসন বৃদ্ধি করা হয়েছে। এসব বাড়তি আসনে এবার শিক্ষার্থী ভর্তি করানো হবে। তবে গত বছর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে সমাজকর্ম বিভাগে ১১০ শিক্ষার্থী ভর্তি করা হলেও এবার তা কমিয়ে ১০০ করা হয়েছে।

তিনি আরও জানান, নতুন ৬টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটসহ সব মিলিয়ে এবার ৩১০টি আসন বৃদ্ধি করা হয়েছে। গত বছর ২০১৪-১৫ শিক্ষাবর্ষে আটটি অনুষদের অধীনে ৫০টি বিভাগে মোট আসন সংখ্যা ছিল তিন হাজার ৮৩৮টি। এ বছর নয়টি অনুষদের ৫৬টি বিভাগে ও দুটি ইনস্টিটিউটে চার হাজার ১৪৮ শিক্ষার্থীকে ভর্তি করা হবে।

এ ইউনিটে (কলা অনুষদ) ১০ বিভাগের জন্য ৭৭০ টাকা, বি ইউনিটে (আইন অনুষদ) দু’টি বিভাগের জন্য ৩০০ টাকা, সি ইউনিটে (বিজ্ঞান অনুষদ) নয়টি বিভাগের জন্য ৭০০ টাকা, ডি ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) পাঁচটি বিভাগ ও একটি ইনস্টিটিউটের জন্য ৫০০ টাকা, ই ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ১০টি বিভাগ ও একটি ইনস্টিটিউটের জন্য ৮০০ টাকা, এফ ইউনিটে (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) সাতটি বিভাগের জন্য ৫৫০ টাকা, জি ইউনিটে (কৃষি অনুষদ) চারটি বিভাগের জন্য ৪৪০ টাকা, এইচ ইউনিটে (প্রকৌশল অনুষদ) ছয়টি বিভাগের জন্য ৫০০ টাকা ও আই ইউনিটে (চারুকলা অনুষদ) তিনটি বিভাগের জন্য ৩৯০ টাকায় ফরম তুলতে হবে পরীক্ষার্থীদের। এ ছাড়া বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd)|

প্রসঙ্গত, রাবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবদেন ফরম বিতরণ শুরু হবে ১ অক্টোবর। ফরম বিতরণ শেষ হবে ১৮ অক্টোবর। ৫৬টি বিভাগে নয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ থেকে ১২ নভেম্বর। এবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের সহায়তায় ভর্তি পরীক্ষার ফরম বিরতণ করা হবে। গত বছরের মত এবার মুঠোফোন টেলিটকের সাহায্য নেওয়া হবে না।

কেএইচ