বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে-২০২৬ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মাধ্যমিক শিক্ষায় আমরা পুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাচ্ছি, কারিকুলাম পরিবর্তন করছি। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে।’

বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রগতি পর্যালোচনায় আরও কঠোর হচ্ছে। বর্তমানে দেশে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের জন্য শক্তিশালী বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। মোনাশ ইউনিভার্সিটি বাংলাদেশে একটি ক্যাম্পাস স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে এবং এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আরও উন্নত পরিবেশ তৈরির কথা জানিয়ে এহছানুল হক মিলন বলেন, শিক্ষাই দেশের সাফল্যের চাবিকাঠি। শিক্ষা খাতের উন্নয়নের মাধ্যমে দেশের অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।

শিক্ষা মন্ত্রণালয়ে সর্বোচ্চ বাজেট বরাদ্দের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আগে শিক্ষা খাতে দেশের জিডিপির মাত্র ১ দশমিক ৩৯ শতাংশ বরাদ্দ ছিল। বর্তমানে বরাদ্দ অনেক বেড়েছে। প্রধানমন্ত্রী এই বাজেট ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা আমাদের শিক্ষাব্যবস্থাকে চীন বা পশ্চিমা দেশগুলোর মতো উন্নত করতে পারি এবং আমরা তা করে দেখাব—এটিই আমাদের মিশন।’

তরুণদের একটি অংশের পথভ্রষ্ট হওয়ার প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনের জন্য শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, একটি সামাজিক পরিবর্তনের কর্মসূচি প্রয়োজন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা খাতই এ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দেশের প্রতি ভালোবাসা এবং সমাজে নেতিবাচকতার ধারা বন্ধে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এস