এর আগে শনিবার রাতে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে ফল জানতে পারছেন। একই সঙ্গে অনলাইন আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হয়েছে।

ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার অনলাইন মার্কশিটের কপি, পরীক্ষার প্রবেশপত্র, দুই থেকে চার কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, অনলাইন আবেদন নিশ্চায়নের কপি এবং শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠান ও এলাকার ধরনভেদে একাদশ শ্রেণিতে ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ভর্তি ফি ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে সর্বোচ্চ ভর্তি ফি ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন বা বিভাগীয় শহরে সর্বোচ্চ ৩ হাজার, জেলা পর্যায়ে ২ হাজার এবং উপজেলা ও মফস্বল এলাকায় সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।

নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। জেলা সদর, উপজেলা ও মফস্বল এলাকার জন্যও আলাদা ফি নির্ধারণ রয়েছে।

ভর্তি নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে।

এ কোটাপদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

এর আগে ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এতে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন প্রথম ধাপে কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন।

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এস