ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. সুব্রত কুমার দে’র ওপর হামলাকারী প্রধান আসামি হায়দার কন্ট্রাকশনের ঠিকাদার তরিকুল ইসলাম তারেককে সোমবার সকালে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির ডাকা সকল অবস্থান ধর্মঘট আগামী ৬ সেপ্টেম্বর ২০১৫(রোববার) পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে।

গত ২৬ আগষ্ট সন্ধ্যায় প্রফেসর ড. সুব্রত কুমার দে’র উপর হামলা করা হলে ২৭ আগষ্ট থেকে আসামিদের গ্রেফতার ও তার সকল মালামাল এবং জামানতের টাকা বাজেয়াপ্তের দাবিতে সকল ক্লাস পরীক্ষা স্থগিত করে অবস্থান ধর্মঘট পালন করে আসছিলো নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম জানান, সকালে প্রফেসর ড. সুব্রত কুমার দে’র ওপর হামলাকারী তারেককে গ্রেফতারের পরেই এ সিদ্ধান্ত গ্রহণ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

তিনি আরো জানান, আগামী ৬ সেপ্টেম্বর এর মাঝে যদি প্রশাসন হামলাকারী ঠিকাদার তারেকের সকল মালামাল জব্দ এবং আমানতের সকল টাকা বাজেয়াপ্ত না করেন তাহলে আগামী রোববার (৬ সেপ্টেম্বর) আবারও আন্দোলন চালিয়ে যাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এসএইচ