দীর্ঘ ২৮ বছর পর সোমবার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বাতিল করে পুনরায় ভোটের দাবি জানিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ।

ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা।

সোমবার রাতে উপাচার্য নুরুল হক নুরকে ভিপি হিসেবে ঘোষণা করার সাথে সাথেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন শোভনের অনুসারীরা।

রাত সাড়ে ৪টার দিকে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারীরা ভিসির বাসভবনের সামেন অবস্থান নেন।

পরে আজ সকাল ৬টার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ বাকি নেতাকর্মীরা সেখানে যোগ দেন।

মঙ্গলবার সকালেও ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করছে ছাত্রলীগ। এ সময় তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।

জিএস পদে জয়ী ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেছেন, ভোটারদের ‘ইমোশনালি ম্যানুপুলেট করা হয়েছে।’ এ সময় তিনি ভিপি পদে পুনরায় নির্বাচন দাবি করেন।

গতকাল সোমবার ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভোটের ফল ঘোষণা করেন ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।

ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেলের প্রার্থী নুরুল হক নুর। আর জিএস ও এজিএস নির্বাচিত হয়েছেন যথাক্রমে ছাত্রলীগের গোলাম রাব্বানী ও সাদ্দাম হোসেন।

এএস