সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শুক্রবার ও শনিবার ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে মঙ্গলবার এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, সকল অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
যোগাযোগ করা হলে ভিসি আমিনুল হক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয় যেদিন খুলছে, সেদিন থেকে কিছু বিভাগে ক্লাস-পরীক্ষা চলছে। সব বিভাগে ক্লাস-পরীক্ষা চালু নিয়ে মিটিং হয়েছে। আপাতত শুক্র ও শনিবার ক্লাস পরীক্ষা নেয়া এবং বাস চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, টানা হরতাল, অবরোধে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সচল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে এই দু’দিন হরতাল কর্মসূচি থাকলে বাস চলাচল করবে না বলে তিনি জানান।
এদিকে হরতাল না থাকলে অবরোধ কর্মসূচি থাকলেও অন্যান্য দিনের মতো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।
কেএইচ





