পূর্বের ৩ দফা দাবি আদায়ে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিদ কর্মকর্তা সমিতির সাধারণ সভা শেষে এই ঘোষণা দেয় তারা।  

সভা থেকে দাবি আদায়ে আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিতব্য ২৪৬ তম সিন্ডিকেট সভা পর্যন্ত সময় বেধে দেয় তারা। সিন্ডিকেট সভায় দাবি পুরনের সিদ্ধান্ত না হলে ২রা জুলাই থেকে লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন সমিতির নেতারা।  

কর্মকর্তাদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই কর্মকর্তারা তাদের দাবী আদায়ের জন্য আন্দোলন করে আসছে। সর্বশেষ প্রশাসনের আশ্বাসে প্রায় দুই মাস (২৬ জুন) আগে আন্দোলন স্থগিত করে তারা। প্রশাসন আশ্বাস দিলেও দাবি পূরণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি কর্মকর্তাদের।

কর্মকর্তাদের দাবিকৃত তিন দফা দাবি হলো, একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের সময়সীমা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টার পরিবর্তে সকাল ৮টা থেকে দুপুর ২টা, চাকরির বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছরে উন্নীত করা এবং উপরেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের বেতন স্কেল চতুর্থ গ্রেডে ৫০ হাজার এবং সহকারী রেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের জন্য ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকায় উন্নীত করা।

কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা বলেন, “আমাদের দাবিগুলি দীর্ঘদিনের। প্রশাসনের আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত রেখেছিলাম। এই সিন্ডিকেটে দাবী পূরণ না হলে আমরা লাগাতার কর্মবিরতি সহ কঠোর কর্মসূচিতে যাবো।”

মুনজুরুল/এমবি