অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের টাকা বাড়ানোর প্রতিবাদে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।

অতিরিক্ত টাকা কমানোর দাবিতে শিক্ষার্থীরা সোমবার দুপুর ১২টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রশাসনিক ভবন ঘেরাও করে রাখেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের জানালা-দরজা ভাঙচুর করেন। পরে তারা কলেজ গেটের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে রাখেন।

অবরোধ চলাকালে প্রায় আধাঘণ্টা ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও কলেজের শিক্ষকরা সেখানে গিয়ে টাকা কমানোর আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ইমরান, মিজান, মনি ও কাউসারসহ অনেকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ২০১০-১১ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের ১৭টি বিভাগের ফরম পূরণ চলছে। গত বছরের তুলনায় এবার প্রতিটি বিভাগে প্রায় দেড় থেকে দুই হাজার টাকা বাড়ানো হয়েছে।

তারা আরও জানান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পাঁচ হাজার ১০০ টাকার স্থলে সাত হাজার ৩০০ টাকা, ব্যবস্থাপনা বিভাগে পাঁচ হাজার ১০০ টাকার স্থলে ছয় হাজার টাকা, গণিত বিভাগে পাঁচ হাজার ৪০০ টাকার স্থলে ছয় হাজার ৬২৫ টাকা, হিসাব বিজ্ঞান বিভাগে চার হাজার ৭০০ টাকার স্থলে ছয় হাজার টাকা বাড়ানো হয়েছে। যা অনেকের পক্ষে পরিশোধ করে অসম্ভব।

সরকারি এডওয়ার্ড কলেজের অধীনে ১৭টি বিভাগের প্রায় সাড়ে তিন হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষার ফরম পূরণ করবেন।

পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল জব্বার জানান, পরীক্ষার ফরম পূরণের টাকা নির্ধারণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখানে তাদের কোনো কর্তৃত্ব নেই।

সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. নাইদ মো. শামসুল হুদা জানান, ফরম পূরণের টাকা নির্ধারণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। তারা শুধু মসজিদ, কর্মচারী কল্যাণ খাতে ১১৫ টাকা বৃদ্ধি করেছেন। তবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আরও ৫০ টাকা কমিয়ে আনা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ৫০ টাকা কমানোর বিষয়ে তারা সন্তুষ্ট নন। মঙ্গলবার সবাই বসে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেআই