জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর সকল ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক হবে।

ভর্তি পরীক্ষা চলবে আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর পযন্ত।  বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

অন্যবার কলা ও মানবিকী অনুষদে বিভাগ ভিত্তিক পরীক্ষা হলেও এবার এই অনুষদেও ইউনিট ভিত্তিক পরীক্ষা হবে।

এ বিষয়ে মোহাম্মাদ আলী বলেন, ‘শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে কলা ও মানবিকী অনুষদের সকল বিভাগের সভাপতি এই পদ্ধতিতে পরীক্ষা নিতে একমত হয়েছেন।

আগামী ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভা শেষে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা, নিয়মাবলি, পরীক্ষার প্রশ্নপত্র, নম্বর বন্টনের বিষয়ে চূড়ান্ত স্দ্ধিান্ত নেওয়া হবে।

তবে, দ্বিতীয় বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে বলেন, ‘এ বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ রাখার সম্ভবনা আছে’।

ইউনিট ভিত্তিক পরীক্ষার বিষয়ে জানতে চাইলে কলা ও মানবিকী অনুষদের ডীন মোজাম্মেল হক টাইমনিউসবিডিকে বলেন, “এই পদ্ধতিতে পরীক্ষা নিতে একমত হলেও খুশি না। কারণ, এ পদ্ধতিতে এক জন শিক্ষার্থী তার পছন্দের বিভাগে পড়ার সুযোগ পায় না।

কিন্তু তাকে বাধ্য হয়েই অন্য বিভাগে পড়তে হয়। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার কথা বিবেচনা করে আমরা এই পদ্ধতিতে একমত হয়েছি।”

এছাড়া বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (http://www.juniv.edu/ ) ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য জানা যাবে।

এমবি