ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রথম দিনে ইমরান হোসেন ও নাজমুল হাসান নাহিদ নামে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

রোববার দুপুর দুইটার দিকে শুরু হওয়া আইন অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটেরপরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। এর আগে, সকাল সাড়ে ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়।

ইমরান ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার গাড়াগঞ্জ গ্রামের শহিদুল ইসলামের ছেলে। নাহিদ যশোর সদরের রফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দুইটার দিকে ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে আইন অনুষদের ১৩৮ নম্বর কক্ষে ইমরান হোসেনের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর আসে। ইমরান ওই উত্তর দেখে পরীক্ষা দেয়ার সময়দায়িত্বরত শিক্ষক তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এদিকে, ব্যবসায় প্রশাসন অনুষদে পরীক্ষা দেয়ার সময় নাহিদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে উত্তর আসে। তাকে দায়িত্বরত শিক্ষক আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এদিকে, পরীক্ষার হলে সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইসের ব্যবহার বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মেটাল ডিটেক্টর ব্যবহারের ঘোষণা দিলেও তা ব্যবহার হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

কেএইচ