কক্সবাজারে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে সাগরে গোসলে নেমে ফাতীন ইতমাম মাহমুদ (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে ওই শিক্ষার্থী ডুবে যান বলে জানান কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

মাহমুদ ঢাকার মিরপুর-১২ নম্বরের ‘সি’ ব্লকের বাসপাড়া তৃতীয় কলোনির মাহমুদুল হোসাইনের ছেলে। ঢাকার ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদ।

বন্ধুদের বরাতে পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন বলেন, সকালে মাহমুদসহ একটি দল মোটরসাইকেলে করে ঢাকা থেকে কক্সবাজার আসে। একটি হোটেল ওঠার পর বিকালে তারা সৈকতে ঘুরতে যান।

তিনি বলেন, মাহমুদসহ কয়েকজন বন্ধ সাগরে গোসলে নেমেছিলেন। এ সময় ভাটায় স্রোতের টানে মাহমুদ তলিয়ে যান। সঙ্গে সঙ্গে তার বন্ধুরা পুলিশকে জানালে স্থানীয় লাইফ গার্ড কর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এমবি