পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ সম্মান স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতক সম্মান এবং পাঁচ বছর মেয়াদি ব্যাচেলর অব আর্কিটেকচার ও বি ফার্ম (প্রফেশনাল) কোর্সের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মোট পাঁচটি কেন্দ্রের ১০৩টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯টি বিভাগে ৮৪০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ১৪ হাজার ৪১৯ জন। অর্থাৎ প্রতি আসনে গড়ে প্রার্থী হলো ১৭ জন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী জানান, নির্ধারিত আসনগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে- এ (ওয়ান) ইউনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ৫০টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ৫০টি, ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ৪০টি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ৪০টি, সিভিল ইঞ্জিনিয়ারিং ৪০টি, নগর ও অঞ্চল পরিকল্পনা ৩০টি এবং এ (টু) ইউনিটে স্থাপত্য বিভাগের আসন ৩০টি। এ-ইউনিটের পরীক্ষার সময় : এ (ওয়ান) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা। এ (টু) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধীনে বি-ইউনিটে গণিত বিষয়ে আসন ৫০টি, পদার্থ বিজ্ঞানে ৪০টি, ফার্মেসি ৪০টি, রসায়ন ৪০টি, পরিসংখ্যান ৪০টি, ভূগোল ও পরিবেশ বিভাগের আসন ৫০টি। বি-ইউনিটের পরীক্ষার সময় : সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

বিজনেস স্টাডিজ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে সি-ইউনিটে ব্যবসায় প্রশাসন বিষয়ে আসন ৫০টি, অর্থনীতি ৫০টি, বাংলা ৫০টি, সমাজকর্ম ৫০টি, ইংরেজি ৫০টি ও লোক প্রশাসন বিভাগের আসন ৫০টি। সি-ইউনিটের পরীক্ষার সময় : সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.pust.ac.bdফ তে পাওয়া যাচ্ছে।

এমআর