শ্রেণিকক্ষের অপরিচ্ছন্নতা নিয়ে ফেইসবুকে পোস্টদেওয়ায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের হাবিবুল্লাহ নিয়ন, মো. রাশেদ হাসান, মুনিম ইসলাম হিরা, ঝিলাম হালদার, ফাহমিদ বৃষ্টি ও দেবব্রত রায়।

ছয়জনের মধ্যে হাবিবুল্লা নিয়নকে ১ বছর (২ সেমিস্টার) এবং বাকি পাঁচজনকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার করার কথা জানানো হয়েছে সেখানে।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা চলছে। এই আদেশের একটি কপি ফেসবুকে ভাইরালও হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নূরউদ্দিন আহমদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, “অত্র বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের (২০১৬-১৭) ছাত্র হাবিবুল্লাহ নিয়ন বিভাগীয় ক্লাসরুমের পরিচ্ছন্নতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করে।”

“এই লেখালেখিতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এই মর্মে বিভাগীয় চেয়ারম্যান সতর্ক করেন। তা উপেক্ষা করে শিক্ষার্থীরা ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেয়।”

আরও চিঠিতে বলা হয়, “এই প্রেক্ষিতে নিয়ন এবং তার কয়েকজন সহযোগী কিছু অপ্রীতিকর মন্তব্য লিখে যার ফলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং বিভাগের চেয়ারম্যানকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছে যা শৃঙ্খলা পরিপন্থি এবং গর্হিত কাজ।”

শিক্ষার্থীদের সঙ্গে তাদের আপত্তিকর ফেসবুক স্ট্যাটাস নিয়ে আলোচনা করেই বিভাগীয় একাডেমিক কমিটি এই বহিষ্কারাদেশের সিদ্ধান্ত দিয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

ওই ঘটনা তদন্তের জন্য বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বলে জানানো হয় চিঠিতে।

রেজিস্ট্রার নূরউদ্দিন আহমেদ বলেন, “এ ঘটনায় গঠিত বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। সেই সুপারিশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।”

এমবি