চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য সিনেট শিক্ষক প্রতিনিধি নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ (সাদা দল)।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে ৯ এপ্রিল চবি সাদা দলের আহ্বায়ক প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য ড. মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে শুক্রবার রাতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞতিতে বলা হয়েছে, সভায় উপস্থিত সকল সদস্য মনে করেন, দীর্ঘ ৩০ বছর যাবত সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ঝুলে আছে। এই পদে সর্বশেষ নির্বাচিতদের অধিকাংশই মৃত্যুবরণ করেছেন। বিষয়টির দিকে প্রশাসন ভ্রূক্ষেপ না করে তড়িঘড়ি সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে যা পরিপূর্ণ ও কার্যকর সিনেট গঠনে প্রশাসনের আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। একই সঙ্গে বিষয়টি গণতান্ত্রিক চেতনারও পরিপন্থী। তাই নীতিগতভাবে সাদা দল মনে করে যে, বিশ্ববিদ্যালয়ের সকল পর্ষদের নির্বাচন যথাসময়ে হওয়া দরকার।

বিজ্ঞতিতে আরও বলা হয়, দীর্ঘ প্রতিক্ষীত গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন না দিয়ে উপাচার্যের দায়িত্বের শেষ সময়ে এসে শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা উদ্দেশ্যপ্রণোদিত ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতির লঙ্ঘন। সাদা দলের পক্ষ থেকে বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের দাবি করা হলেও প্রশাসন সে দাবি প্রত্যাখান করেছে।

এমতাবস্থায় সাদা দলের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই নির্বাচন বয়কটের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিজ্ঞতিতে জানানো হয়। একই সঙ্গে সাদা দলের পক্ষ থেকে চবি প্রশাসন ঘোষিত নির্বাচনী তফসীল বাতিল করে অবিলম্বে দীর্ঘ-প্রতিক্ষীত রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচনের আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হয়।

এ কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন, প্রফেসর ড. হাসান মোহাম্মদ, প্রফেসর ড. আ ন ম মুনির আহমদ, প্রফেসর ড. মোজাফফর আহমদ চোধুরী, প্রফেসর ড. আবদুল করিম, প্রফেসর ড. আতিকুর রহমান, প্রফেসর ড. কামাল হোসাইন, প্রফেসর ড. আলী আজাদী, প্রফেসর ড. মোকতার আহমেদ, প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ নেসারুল করিম, প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

এএইচ