কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হবে আগামী ১৫ই ডিসেম্বর। নির্বাচন কে ঘিরে এযাবত চলছিল প্রার্থীতা নিয়ে গুঞ্জন। ইতিমধ্যে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ থেকে দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে। চলছে আলোচনা-সমালোচনা। বিরোধ প্রকাশ পাচ্ছে নিজেদের মধ্যে।  

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আলাদা আলাদা সংবাদ সম্মেলন করে এ দুটি প্যানেল ঘোষণা করা হয়।

বঙ্গবন্ধু পরিষদ থেকে ‘নীল’ দলের দুইটি প্যানেল ঘোষণা নিয়ে চলছে তর্কযুদ্ধ । বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী পরিষদের ২৩ জন সদস্যদের মধ্যে ৭ জন সদস্যসহ অন্যান্যদের নিয়ে প্যানেল ঘোষণা করেছে একটি পক্ষ।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী পরিষদের সাত সদস্যদের সমন্বয়ে গঠিত প্যানেলের পনের সদস্যের নাম ঘোষণা করেন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।

প্যানেলে সভাপতি পদ থেকে ড. বিশ্বজিৎ চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিন। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কেউই নেই এ প্যানেলের সাথে। নির্বাচনের জন্য এ রুপ প্যানেল ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন ড. কাজী কামাল উদ্দিন।

অন্য দিকে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করে একই নাম দিয়ে আরেকটি ‘নীল’ দলের প্যানেল ঘোষণা করেন। বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে ‘নীল’ দলের প্যানেলে সভাপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন ড. মোঃ আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান।

সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দাবি করেন, ২৩ জন কার্যনির্বাহী সদস্যদের মধ্যে সাত জন সদস্য নিয়ে ড. বিশ্বজিৎ ও ড. কামালের প্যানেল আলাদা হয়েছে। এখানে বঙ্গবন্ধু পরিষদের সভার কোরামে সিদ্ধান্তের বাহিরে গিয়ে তারা প্যানেল করেছেন। পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর ব্যতিত তারা ‘নীল’ দলের প্যানেল ঘোষণা করতে পারেন না। বঙ্গবন্ধু পরিষদের নাম দিয়ে ‘নীল’ দলের কথিত যে প্যানেল তারা ঘোষণা করেছেন তা আইন বহির্ভূত।

শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক বা সংখ্যাগরিষ্ঠদের সমর্থন ছাড়া ‘নীল’ দলের যে প্যানেল গঠন করা হয়েছে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। অন্য দিকে ড. বিশ্বজিৎ ও ড. কামালের প্যানেল থেকে দাবি করা হয়েছে নির্বাচনের জন্য তারা এ প্যানেল ঘোষণা করতে পারেন।

তবে নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদ ব্যাতিত আর কেউ এখন পর্যন্ত কোন প্যানেল ঘোষণা করেননি।

কুতুবউদ্দিন/জারিফ