দেশব্যাপী হরতালের কারণে আগামীকাল রোববার ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার বিকাল ৩টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার হেয়ার রোডের বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন,রোববারের পরীক্ষা আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। কিন্তু মঙ্গলবারের পরীক্ষার নতুন তারিখ এখনো জানানো সম্ভব হয়নি।
এদিকে গত ১২ ফেব্রুয়ারি স্থগিতকৃত ধর্ম পরীক্ষা আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নাহিদ।
পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার এসএসসিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সামাজিক বিজ্ঞান; দাখিলে সামাজিক বিজ্ঞান, তাজবীদ নসর ও নযম (মুজাব্বিদ গ্রুপ),
তাজবীদ (হিফজুল কুরআন গ্রুপ); কারিগরি ও উচ্চতর কারিগরিতে উচ্চতর গণিত-২/ হিসাববিজ্ঞান-২/ভূগোল ও পরিবেশ-২, কৃষি শিক্ষা-২ বিষয়ে পরীক্ষা নেয়ার কথা ছিল।
অন্যদিকে মঙ্গলবার এসএসসিতে জীববিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি; দাখিলে ইসলামের ইতিহাস, জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও দাখিল কারিগরিতে আরবি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, সারাদেশে চলমান অবরোধের পাশাপাশি আগামীকাল রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ফের ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করেছে ২০ দলীয় জোট।
এআর





