কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’র অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থী আবরারের মৃত্যুর সময়ের সিসিটিভি ফুটেজ প্রকাশসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় তারা দাবি পূরণের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন।
শনিবার (০২ নভেম্বর) দুপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষোভ করে তারা। এসময় নিহত আবরারের সহপাঠিরা এই আল্টিমেটামের ঘোষণা দেয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- এক. ঘটনা চলাকালীন সময়ের সিসিটিভি ফুটেজ দেখাতে হবে, দুই. অনুষ্ঠানের মিস ম্যানেজমেন্টের দায় স্বীকার করে কিশোর আলো, ইভেন্ট অর্গানাইজার, আয়শা মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত বক্তব্য দিতে হবে।
তিন. ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট ছাত্রদের হাতে পৌঁছাতে হবে, চার. শুধু দুর্ঘটনা নয়, তাদের গাফিলতি, অব্যবস্থাপনা এবং উদাসীনতা উল্লেখ করে পত্রিকায় বিবৃতি দিতে হবে।
৭২ ঘণ্টার মধ্যে দাবিগুলো আদায় না হলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শুক্রবার (০১ নভেম্বর) ঢাকার মোহাম্মদপুরে রেসিডেনসিয়াল মডেল কলেজে দৈনিক প্রথম আলোর কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’র অনুষ্ঠানে উপস্থিত একই স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী নাইমুল আবরার রাহাত (১৫) অনুষ্ঠান চলাকালে রাত ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
জানা যায়, শুক্রবার কিশোর আলোর অনুষ্ঠান দেখতে এসেছিলেন শিক্ষার্থী নাইমুল আবরার রাহাত। পরে সেখানেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে অনুষ্ঠানস্থলের জরুরি মেডিক্যাল ক্যাম্পে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জন চিকিৎসক তাকে পরীক্ষা করে দেখেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমবি





