‘মাদক ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগানকে ধারণ করে মাদকের বিরোদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘মাদক বিরোধী অভিযান ও প্রচারণার মাস জানুয়ারী ২০১৭ উপলক্ষে’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহম্মেদ উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে বর্তমানে ৫০ লক্ষ মাদকসেবী রয়েছে। আমরা যান্ত্রিক জীবনে অভ্যস্ত হওয়ার ফলে আমাদের ধর্মীয় অনুশাসন হ্রাস পাচ্ছে। ফলে মাদককে আমরা এখন জীবনের একটি অংশ হিসেবেই নিয়েছি।
তিনি আরো বলেন, অধিকাংশই হতাশা থেকে মাদকাসক্তির প্রতি আসক্ত হয়ে পড়ে। চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে মাদকসেবীদের সুস্থ করার চেষ্টা চলছে। এ জন্য মাদক প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রনেতৃবৃন্দ সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান উপস্থিত সবাইকে মাদক থেকে দূরে থাকা ও অন্যান্যদের দূরে রাখার জন্য শপথ বাক্য পাঠ করান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান, ছাত্রলীগ জাবি শাখার সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল প্রমুখ।
আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
রাইয়ান/জারিফ





