“উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি”শ্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার (৪ নভেম্বর) ৮ম বারের মতো প্রজাপতি মেলা আয়োজন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণীবিদ্যা বিভাগ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন প্রজাপতি মেলার আহ্বায়ক ও প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মনোয়ার হোসেন।
এসময় জানান, বিগত বছরগুলোর ন্যায় এবারও প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল (৪ নভেম্বর) জাবি ক্যাম্পাসে প্রাণীবিদ্যা বিভাগের পৃষ্টপোষকতায় ‘প্রজাপতি মেলা-২০১৭’অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে প্রজাপতি মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এসময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রাশাসন) অধ্যাপক আবুল হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মনজুরুল হক, আই ইউ সি এন এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইশতিয়াক উদ্দিন আহমেদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারমেন মুকিত মজুমদার বাবু প্রমুখ। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মেলা চলবে।
এবারের প্রজাপতি মেলায় প্রজাপতির চোখ এবং এর কালার ভিসনের গবেষনায় সার্বিক অবদানের জন্য “বাটারফ্লাই এওয়ার্ড-২০১৭”প্রদান করা হবে জাপানের গ্রাজুয়েট ইউনিভার্সিটি অব এডভান্সড স্টাডিস এর অধ্যাপক ড. কেনটারো আরিকাওয়াকে। এছাড়াও জাবির লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আফলাতুল কায়সারকে “ইয়াং বাটারফ্লাই ইনথুসিয়াস্ট-২০১৭” এওয়ার্ড প্রদান করা হবে।
প্রজাপতি মেলায় দিনব্যাপি আয়োজনের মধ্যে থাকছে র্যালী, প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগীতা, প্রজাপতি আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগীতা, প্রজাপতির হাট দর্শন, অরিগামি প্রজাপতি, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি চেনা প্রতিযোগীতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে ধারাবাহিকভাবে এ মেলার আয়োজন করা হচ্ছে। এবারের প্রজাপতি মেলায় ৬০ এর অধিক প্রজাতির প্রজাপতি প্রদর্শন করা হবে।
জাহিদুর/এমবি





