হলের আবাসিক শিক্ষার্থীদের সাথে দূব্যবহারের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রহমাতুন্নেসা হলের প্রভোস্ট প্রফেসর মিলি জেসমিন ও আবাসিক শিক্ষিকা পাক নেহাদ বানুর পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে হলের শিক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ‘হল প্রভোস্ট ও আবাসিক শিক্ষিকার পদত্যাগ চাই, আমরা হলের ভৃত্য নই’সহ হাতে বিভিন্ন লিখিত প্লাকাড নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে সামনে ৩০ মিনিট অবস্থান করে। এছাড়া পদত্যাগের দাবিতে হলের ২৬৪ জন শিক্ষার্থী গণস্বাক্ষর করে।
পরে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মিজানুর রহমানের অফিসে শিক্ষার্থীরা সকল দাবি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা শেষে ছাত্র উপদেষ্টা তাদেরেকে আশ্বস্ত করলে তারা হলে ফিরে যায়।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, হলে সিট খালি থাকা সত্তেও শিক্ষার্থীদের আবসিকতা প্রদান করা হয় না, মাসের পর মাস গেস্ট কার্ডের জন্য বলা হলেও গেস্ট কার্ড প্রদান না করা, হলের সমস্ত শিক্ষার্থীদের জন্য একটি মাত্র টিউবয়েলের ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ও ওয়াইফাই ভালোভাবে না থাকাসহ নানা বিষয়ে তারা অভিযোগ তুলেন।
তারা আরো বলেন, এসব বিষয়ে আবাসিক ও হল প্রভোস্টের নিকট দাবি জানালে তারা আমাদের হল ছেড়ে ম্যাচে চলে যেতে বলেন। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ করতে দিদ্ধাবোধ করেন না।
হলের এক প্রতিবন্ধী শিক্ষার্থী কান্না জড়িত কন্ঠে বলেন, আমি শারিরীক প্রতিবন্ধী হওয়ায় চার তালায় উঠা নামা করতে পারি না। এ বিষয়ে আমি হল প্রভোস্টের নিকট কয়েকবার গেলে তিনি আমাকে বলেন, তুমি হলে থাকবা না ম্যাচে থাকবা সেটা আমার দেখার বিষয় নয়। তুমি শারিরীক প্রতিবন্ধী তো কি হয়েছে এই হলে থাকতে হলে তেমাকে উপরেই থাকতে হবে’।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট প্রফেসর মিলি জেসমিন বলেন, হলের কিছু সমস্যা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো সমাধান করার চেষ্টা করছে। তবে সামান্য বিষয় নিয়ে যে শিক্ষার্থীরা এতো কিছু করা এটা আমি তাদের নিকট থেকে কাম্য করিনি।
ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে আমার নিকট এসেছিল। আমি সব কিছু ভালোভাবে শুনেছি। যেহেতু সাথে সাথে সমস্যা সমাধান করা সম্ভব নয় তাদের নিকট থেকে কিছু সময় নিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে বিষয়টি মীমাংসা করে দিব বলে জানান তিনি’।
এমবি





