জরুরি অবস্থায় পশু চিকিৎসায় প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সচেতন করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৫ দিনব্যাপী প্রাণিস্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের গ্যালারীতে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর ও নাসিরনগর উপজেলার মোট ৩০ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ নিচ্ছেন।
কমিউনিটি-বেজড ডেইরি ভেটেরিনারি ফাউন্ডেশন এবং হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান-এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. গোলাম শাহি আলম। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার প্রাণিস্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগীয় প্রধান ড. নাছরীন সুলতানা জুয়েনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি-বেজড ডেইরি ভেটেরিনারি ফাউন্ডেশনের (সিডিভিএফ) প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





