চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ষসেরা রিপোর্টারের পুরস্কার পেয়েছেন অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট জমির উদ্দিন।
একইসঙ্গে তার করা ‘কালো-নীল-সবুজে বিকৃত চবিমনোগ্রাম’ প্রতিবেদনটি সবচেয়ে আলোচিত রিপোর্ট নির্বাচিত হওয়ায় এই ক্যাটাগরিতেও পুরস্কার পান জমির।
বৃহস্পতিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে এ উপলক্ষে অনুষ্ঠানের অয়োজন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে বর্ষসেরা রিপোর্টার একজন, সবচেয়ে আলোচিত রিপোর্ট একটি, সেরা রিপোর্ট দুটি ও সেরা ফিচার দুটিতে পুরস্কার দেওয়া হয়। ২০১৬ সালের জুন থেকে ২০১৭ সালের মে পর্যন্ত সেরা রিপোর্টাদের মধ্যে বাংলানিউজের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট জমির উদ্দিন পুরস্কার জিতেন।
আলোচিত রিপোর্ট ক্যাটাগরিতেও পুরস্কার পায় তার করা প্রতিবেদন। এদিকে সেরা রিপোর্ট দুটির মধ্যে সুপ্রভাত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বায়জিদ ইমন ও দৈনিক আজাদীর আল ফয়সাল পুরস্কার জিতেন। এছাড়া সেরা ফিচার দুটিতে বায়জিদ ইমন ও নিউ নেশনের জুয়েল পুরস্কার পান।
সমিতির সভাপতি আবু বকর রাহাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহমান শোয়েবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন সমাজতত্ত্ব বিভাগেরসহকারী অধ্যাপক আনোয়ার চৌধুরী, ইনস্টিটিউট অব অ্যাডুকেশন অ্যান্ডরিসার্চের সহকারী অধ্যাপক ইফতেখার আরিফ, পালি বিভাগের সহকারী অধ্যাপক অরুপ বড়ুয়া ও শিক্ষক সাহেদ সরোয়ার। অনুষ্ঠান শেষে সমিতির বর্তমান কমিটির দায়িত্বরত নেতাদেরও সম্মাননা জানায় সমিতি।
মাসুম/এমএনজে





