পরীক্ষা বাংলা ১ম পত্রের। কিন্তু পরীক্ষার্থীদের মধ্যে ২য় পত্রের প্রশ্ন বিতরণ করেছে কেন্দ্র কর্তৃপক্ষ।
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার বাংলা ১ম পত্র পরীক্ষার দিন সকাল ৮টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন পারভেজ ও পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে গুরুদাসপুর থানা থেকে বাংলা ১ম পত্রের ১৮টি প্যাকেট পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার মধ্যে বাংলা ২য় পত্রের ২টি প্যাকেটে ১২০টি প্রশ্নপত্র ছিল।
এদিকে পরীক্ষার শুরুতে শিক্ষার্থীদের মাঝে বাংলা ২য় পত্রের প্রশ্নপত্র বিতরণ করে কেন্দ্র কর্তৃপক্ষ। পরে বুঝতে পেরে পরীক্ষা কক্ষে দায়িত্বরত শিক্ষকরা বিতরণকৃত ২য় পত্রের প্রশ্নপত্র নিয়ে ১ম পত্রের প্রশ্নপত্র বিতরণ করেন। তবে বাংলা ২য় পত্রের ৭টি প্রশ্নের কোনো হদিস মিলেনি। ধারণা করা হচ্ছে ওই প্রশ্নপত্রগুলো কপি হয়ে বাইরে বিতরণ হয়ে গেছে।
কেন্দ্রে সচিব মো. ফজর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিষয়ে কেন্দ্র সচিব মো. ফজর আলী, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. আসাদকে জিজ্ঞাসাবাদ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও শিক্ষা বোর্ডকে অবগত করা হয়েছে। তাদের দেয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
জেএ





