মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূরজাহান হামিদাকে লাঞ্চিত করার প্রতিবাদে ২দিনের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে 'প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরাম'।

আগামী ১৯ এপ্রিল-২০১৫ইং মতিঝিল থানার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২০ এপ্রিল-২০১৫ইং ঢাকা মহানগরীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

শনিবার মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বিকাল ২টা ৩০মিনিটে সংগঠনটির আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সকলকে কর্মসূচি যথাযথভাবে পালন করার আহ্বান জানান সভাপতি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটি।

সভায় বক্তারা বলেন, আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা না হলে আগামী ২০এপ্রিল-২০১৫ তারিখ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সর্বজনাব সুবল চন্দ্র পাল গোলাম মোস্তফা, এম.এ সিদ্দিক মিয়া, রিয়াজ পারভেজ, আসমা আকতার, শরিফুল ইসলাম, ছাবিনা ইয়াসমিন, সামসুন নাহার, আব্দুর রহিম, মাকসুদা আকতার, হাসিনা আকতার প্রমুখ।

প্রসঙ্গত, মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূরজাহান হামিদাকে স্কুল ম্যানেজিং কমিটির একজন সদস্য আকস্মিকভাবে শারিরীক নির্যাতন করে মারাত্মকভাবে আহত করে। রক্তাক্ত অবস্থায় তাকে প্যান প্যাসিফিক হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

এমকে