চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর ছাত্রলীগ-নিয়ন্ত্রিত চবির শাহজালাল হলে তল্লাশি চালিয়ে ২৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া অনেক গুলো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পু্লিশ।
রোববার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত তল্লাশি অভিযানে ওই ২৭ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ শহিদুল্লাহ।
প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যাচাই-বাছাই শেষে আটককৃতদের মধ্যে কতজনকে গ্রেফতার দেখানো হবে, তা পরে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
রোববার দুপুর ১টার দিকে ছাত্রলীগের দুটি বগিভিত্তিক সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও গুলি বিনিময়ে তাপস নামের সংস্কৃতি বিভাগের ছাত্র এবং ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মী নিহত হন। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন।
ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছে চবি সিন্ডিকেট। সিন্ডিকেট বৈঠকে চবি বন্ধ ঘোষণা করা হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ দিকে সংঘর্ষের পর চবির শাহজালাল হল এবং শাহ আমানত হলে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। এ ছাড়া ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।
ইআর





