কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের ঘটনায় 'নির্যাতিত' মুর্শেদা খানম’সহ ২৪ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সোমবার (১৬ এপ্রিল) ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

গত ৮ এপ্রিল থেকে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন শুরু হয়। চতুর্থদিনের মাথায় সুফিয়া কামাল হলে গভীর রাতে কোটা সংস্কারের আন্দোলনে যাওয়ায় কয়েকজন শিক্ষার্থীকে নির্যাতনের খবর ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি করেন, হল ছাত্রলীগ সভাপতি ইশরাত জাহান ইশা কয়েকজনকে নির্যাতন করে আহত করেছেন।

নির্যাতিতরা জানান, তারা সকলেই ছাত্রলীগের নেতাকর্মী। এ সময় হল ছাত্রলীগের সহ-সভাপতি মুর্শেদা খানমের পা কেটে যাওয়া ছবি ফেসবুকে ভাইরাল হলে মুহূর্তেই অন্যান্য হল থেকে সুফিয়া কামাল হলে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তারা হল সভাপতি ইশার বিচার দাবি করেন।

পরে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয় হল ছাত্রলীগ সভাপতি ইশরাত জাহান ইশাকে। তবে বহিষ্কার করার ৩ দিনের মাথায় ইশাকে নির্দোষ দাবি করা হয়। স্বপদে ফেরায় ছাত্রলীগ।

নাম প্রকাশে অনিচ্ছুক বহিষ্কৃত এক শিক্ষার্থীর দাবি, সোমবারের সংবাদ বিজ্ঞপ্তিতে মুর্শেদা খানম ছাড়াও সহ-সভাপতি আতিকা হক স্বর্ণা, মিরা, সাংগঠনিক সম্পাদক সুমি, যুগ্ন সাধারণ সম্পাদক শারমিন আক্তার, সহ সম্পাদক শ্রাবণীসহ যে ২৪ নেতাকর্মীর নাম প্রকাশ হয়েছে, তাদের সবাই ওইদিন রাতে ইশার নির্যাতনের প্রতিবাদ করেছিলেন।

বহিষ্কৃতরা হলেন-বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাহিত্যবিষয়ক সম্পাদক খালেদা হোসেন মুন, কবি সুফিয়া কামাল হলের সহ-সভাপতি মুর্শেদা খানম, আতিকা হক স্বর্ণা, হলের সাংগঠনিক সম্পাদক জান্নাতী আক্তার সুমি, সহ-সম্পাদক শ্রাবণী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন আক্তার সুমি, চারুকলা বিভাগের উপ-তথ্য ও গবেষণা সম্পাদক আশা।

এছাড়াও ছাত্রলীগ কর্মী নাট্যকলা বিভাগের লিজা, মিথিলা নুসরাত চৈতি, সংগীত বিভাগের সোনম সীথি, প্রিয়াঙ্কা দে, প্রভা, চারুকলার সুদীপ্তা মন্ডল, অনামিকা দাস, নৃবিজ্ঞানের শারমিন সুলতানা, উর্দু বিভাগের মিতু, ভূতত্ত্ব বিভাগের শিলা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মনিরা, রুনা, শান্তি ও সংঘর্ষ বিভাগের জুঁই, বাংলা বিভাগের তানজিলা ও সমাজকল্যাণ বিভাগের তাজ।

এমবি