প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আগামীকাল রোববার সারা দেশে শুরু হচ্ছে। সূচি অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর পরীক্ষা শেষ হবে। 

শনিবার (১৬ নভেম্বর) বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

প্রাথমিক সমাপনী পরীক্ষায় এবার ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন এবং ছাত্রী ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন।

পাশাপাশি তিন লাখ ৫০ হাজার ৩৭১ জন শিক্ষার্থীর মধ্যে এক লাখ ৮৭ হাজার ৮২ জন ছাত্র এবং এক লাখ ৬৩ হাজার ২৮৯ জন ছাত্রী ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশ নেবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

দেশব্যাপী সাত হাজার ৪৫৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আটটি দেশে ৬১৫ জন পরীক্ষার্থী ১২টি কেন্দ্রে অংশ নেবে। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২০ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২১ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৪ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২০ নভেম্বর আরবি, ২১ নভেম্বর কুরআন মাজিদ ও তাজবিদ এবং ২৪ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আড়াই ঘণ্টাব্যাপী পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। 

সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে শেষ করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশেষ নিরাপত্তার সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ কাজ শেষ হয়েছে। দেশের দুর্গম এলাকার ১৮৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ০২-৯৫৭৭২৫৭ ও ইমেইল [email protected]. অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোনে নন্বর ০২-৫৫০৭৪৯১৭, ০১৭১১৩৪৪৫৩২, ০১৭১২১০৬৩৬৯, ইমেইল [email protected]. সমাপনী পরীক্ষাসংক্রান্ত সব তথ্য এসব নম্বরে ফোন করে জানা যাবে।

এমবি