গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল থেকে দুই শিক্ষার্থীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তাদেরকে হলের কক্ষ থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ক্রপ সায়েন্স বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুল গফ্ফার ও তার সহপাঠী মাহবুব।

হল সূত্রে জানা যায়, শহীদ হবিবুর রহমান হলে রাত আড়াইটার দিকে রাজশাহী মহানগর পুলিশের একটি দল এসে ২৩৬ নম্বর কক্ষ থেকে আব্দুল গফফার ও ৪৪২ নম্বর কক্ষ থেকে মাহবুবকে আটক করে নিয়ে যায়।

আব্দুল গফফারের রুমমেট জানান, রাতে কক্ষে এসে পুলিশ আব্দুল গফফারকে ধরে নিয়ে যায়। এসময় তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করে তারা।

আটকের বিষয়টি নিশ্চিত করে ক্রপ সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর মো. মোসলেহ্ উদ্দীন বলেন, তৃতীয় বর্ষের পরীক্ষার্থী আব্দুল গফফার ও মাহবুব নামের দুই শিক্ষার্থীকে আটক করেছে। তাদের আগামী ১ জুন তারিখে পরীক্ষা আছে বলে জানান তিনি। তবে কি কারণে আটক হয়েছে সেটা নিশ্চিত জানেন না।

বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মো. মজিবুল হক আজাদ খান বলেন, আমাকে মহানগর পুলিশ থেকে জানানো হয়, দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে কি কারণে আটক করা হয়েছে জানাননি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশোক চৌহান বলেন, আমাদের এ বিষয়ে জানা নেই। তিনি ডিবি পুলিশের সাথে যোগাযোগের জন্য বলেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রপলিটান পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলনে, আটকের বিষয়ে কোন তথ্য জানা নেই।

এমআইএস