ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উপাচার্য ড. মো. রফিকুল হককে অবরুদ্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওপর আরোপিত অতিরিক্ত সেমিস্টার ফিসহ সকল বর্ধিত ফি বাতিলের দাবিতে গতকাল রবিবার থেকে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে তাঁকে অবরুদ্ধ করে তারা। এছাড়া শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান সড়কও অবরোধ করে।
সোমবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক সমিতি এবং অ্যাকাডেমিক কাউন্সিলের নেতারা শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনা করেন। পরে দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে উপাচার্যের সঙ্গে আলোচনা করতে তাঁর বাসভবনে বৈঠকে বসেছেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত সেমিস্টার ফিসহ সব বর্ধিত ফি বাতিলের দাবিতে গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সকল  ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্যের বাসভবনের সামনে সমাবেত হন সকল অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয়। সেইসঙ্গে উপাচার্যের বাসভবন সংলগ্ন ক্যাম্পাসের প্রধান সড়কও অবরোধ করে আন্দোলনকারীরা।
কার্যত গত দুই দিন ধরে নিজ বাসভবনে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন উপাচার্য ড. মো. রফিকুল হক। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদিত অতিরিক্ত সেমিস্টার ফি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার বেলা ১১টার দিকে পশুপালন অনুষদের সভাকক্ষে আলোচনায় বসেন ছাত্র বিষয়ক বিভাগ, প্রক্টোরিয়াল বডি, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি এবং অ্যাকাডেমিক কাউন্সিলের নেতারা।

সভা শেষে দুপুর ২টার দিকে তারা বিষয়টি সুরাহা করতে উপাচার্যের সঙ্গে আলোচনার জন্য ভেতরে প্রবেশ করতে ফটকের তালা খুলে দিতে আহবান জানান আন্দোলনকারীদের কাছে। এসময় আন্দোলনকারীরা তাঁদের ভেতরে প্রবেশ করতে দেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপচার্যের বাসভবনে আলোচনা চলছে বলে জানা গেছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক নেতারা উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে  সভা করে বিষয়টি সুরাহা করার প্রতিশ্রুতি দেয়।
উপাচার্যের বাসভবনে আলোচনার জন্য প্রবেশের আগে শিক্ষক সমিতির সভাপতি ড. লুত্ফুল হাসান  বলেন, "ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার পরিবেশ ফিরিয়ে আনতে আমরা শিক্ষক ও অ্যাকাডেমিক কাউন্সিলের নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। এখন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনের (উপাচার্য) কর্তাব্যক্তির সঙ্গে  আলোচনা করব। আশা করছি আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত বিষয়টির সুরাহ করে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পারব।

ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই