সদ্য জাতীয়করণ করা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্ট পদসহ (পঞ্চম পদ) সব শূন্য পদে প্যানেল শিক্ষকদের নিয়োগের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সরকার।
এর মাধ্যমে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্যানেলভুক্ত প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ পেতে আর কোনো বাধা থাকছে না।
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নতুন নির্দেশনা দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগে নিয়োগের নির্দেশনা অনুযায়ী, প্যানেলভুক্ত প্রার্থীদের নিয়োগ পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৩ সালের আদেশ অনুযায়ী জাতীয়করণ করা ২২ হাজার ৯২৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে একটি করে প্রধান শিক্ষক ও চারটি সহকারী শিক্ষকের পদ রাজস্ব খাতে সৃজন করা হয়েছে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতি রয়েছে। সৃজিত পদে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগ দেওয়া যাবে।
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে গত ৬ জুন জাতীয়করণ করা বিদ্যালয়ের শূন্য পদে প্যানেলভুক্ত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী সাত দিনের মধ্যে নিয়োগ দিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে ওই চিঠিতে নতুন সৃষ্টি হওয়ার শূন্য পদের বিষয়ে কিছু বলা না থাকায়, মাঠ পর্যায়ের শিক্ষা অফিস এ পদে প্যানেলভুক্তদের নিয়োগ দিচ্ছিল না।
নতুন সৃষ্ট পঞ্চম পদে আপাতত প্যানেলভুক্তদের নিয়োগ করা হচ্ছে না, জানিয়ে বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর জানিয়েছিলেন, উপজেলা বা থানায় জাতীয়করণ করা বিদ্যালয়ের শূন্য পদে প্যানেলভুক্ত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে।
এফএফ





