ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি থেকে সাত কলেজকে বাদ দেয়ার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে তারা।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল বলেন, ‘আমাদের দাবি, ৭ কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে। না হওয়া পর্যন্ত আমাদের অসহযোগ আন্দোলন চলবে।’

শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবিতে গত রোববার থেকে টানা ৩ দিন প্রশাসনিক ভবনসহ বিভিন্ন অ্যাকাডেমিক ভবনে তালা লাগিয়ে দেয়। এরমধ্যেই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা এলো।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে: চলতি শিক্ষাবর্ষ থেকেই অধিভুক্ত ৭ কলেজ বাতিল, দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফলাফল দেয়া, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন করা এবং ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ করা।

গত মঙ্গলবার ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিভিন্ন অনুষদ ও একাডেমিক ভবনের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি চিল। ছাত্রলীগের নেতাকর্মীরা বলেছেন, ‘আন্দোলনের নামে ক্লাস পরীক্ষায় কোনো ব্যাঘাত আমরা ঘটতে দেবো না। আমরা নিয়মিত ক্লাস করতে চাই।’

এএস