‘হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়...’সুফিয়া কামালের সেই প্রশ্নটি আজ বেজে উঠে সবার মনে। আর তারই জবাব দিতে মন আজ জেগেছে নতুন ভাবে। ফাগুনের ছোঁয়ায় কথাগুলো রুপ নিয়েছে কবিতায়।
কবিতার সেই কবি নীরব থাকলেও প্রকৃতির ডাকে ঠিকই জেগে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ১৭৫ একরের চিরসবুজ চত্বর। ঋতুর রাজনকে বরণ করতে চারদিক আজ সেঁজেছে নব সাজে। সবুজ ক্যাম্পসকে বাসন্তী রং যেন দিয়েছে নতুন রুপ।
বসন্তের আগমনী গানে সাড়া দিয়ে তরুনীরা সেজেছে বাসন্তী রংয়ের শাড়ীর সাথে খোপায় বাসন্তী ফুলে। গালে শোভা পেয়েছে রংতুলির মনকাড়া আল্পনা। তরুনদের বসনেও রয়েছে বসন্তের ছোঁয়া। বাদ যায়নি শিশু-কিশোর কিংবা বৃদ্ধরাও। ক্যাম্পাসের প্রতিটি প্রাঙ্গন আজ মুখর হয়ে উঠেছে বাসন্তী রংয়ে সজ্জিত তরুন-তরুনীদের পদচারণায়।
আজ পহেলা ফাল্গুনে (১৩ ফেব্রুয়ারী) ঋতুরাজ বসন্তকে বরণ করতে সকালে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহন করে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে শুরু করে হয়ে বাংলা মঞ্চে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে ও অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন- বাংলা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ রতন, ইলেক্ট্রনিক্স এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ঋতু বৈচিত্র ও বসন্ত সম্পর্কে বলেন, “বাঙ্গালীর হাজার বছরের ঐতিহ্য ঋতু বৈচিত্র। পৃথিবীর অন্য কোথাও এই বৈচিত্র নেই। প্রতিটি ঋতুর আলাদা রূপ, রস ও বৈশিষ্ট রয়েছে। প্রকৃতির এই পরিবর্তন কাওকে মোহিত না করলে সে ভালে লেখক হতে পারবেনা। বৈশ্বিক উষ্ণায়নের ফলে যেন ঋতুরাজ বসন্ত হারিয়ে না যায় এজন্য আমাদের কিছু করণীয় রয়েছে। আমাদের সবাইকে সবুজ মানুষ হতে হবে এবং আমাদের পরিবেশকে সবুজ রাখতে হবে।”
আলোচনা অনুষ্ঠান শেষে বাংলা বিভাগের শিক্ষার্থী অনি আতিকুর রহমান ও সাদিয়া খাতুন’র সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের নৃত্য, গান, আবৃত্তিতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান। সেইসাথে শিক্ষকদের অংশগ্রহন একে আরো আনন্দঘন করে তোলে।
এছাড়াও বসন্তকে স্বাগত জানিয়ে মার্কেটিং বিভাগ বর্ণাঢ্য র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে বিশ^বিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুনজুরুল/এমবি





