সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলার আসামি বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকালে প্রশাসনের এক বৈঠকশেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

এছাড়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য দুজন সদস্য হলেন শাহপরাণ হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শাহেদুল হোসাইন ও অর্থনীতি বিভাগের শিক্ষক মুন্সি নাসের ইবনে আফজাল। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে।

অপরদিকে শাবি ছাত্রলীগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নৃশংস ঘটনার সাথে জড়িত বদরুল আলমের সাথে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মুশতাক আহমদ প্রেরিত এবং সভাপতি সঞ্জিবন চক্রবর্তী পার্থ ও সাধারণ সম্পাদক ইমরান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

এতে বলা হয়, “বর্তমানে বদরুল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আলহাজ আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার সাথে জড়িত থাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে তার কোন ধরণের সম্পর্ক নেই।”

উল্লেখ্য, সোমবার বিকালে এমসি কলেজ ক্যাম্পাসে পরীক্ষা দিয়ে বের হলে সিলেট সরকারী কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে উপর্যুপুরি কুপিয়ে গুরুতর আহত করে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।

পরে লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি শ্বিবিদ্যালয়ের ২০০৮-২০০৯ সেশনের অনিয়মিত শিক্ষার্থী।

এমবি