ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। সোমবার আন্দোলনের তৃতীয় দিনেও বিভাগের সকল শিক্ষার্থী আইন ও শরিয়াহ অনুষদের নিচতলায় অবস্থান কর্মচূচি পালন করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা বলছে তারা।

আন্দোলনরত শিক্ষার্থী ও বিভাগীয় সূত্রে জানা যায়, বিভাগের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা এর আগেও আন্দোলন করেছে। বিভাগের পাঠ্যতালিকায় ৩২০০ নম্বরের মধ্যে ১৮০০ নম্বরই সাধারণ। কিন্তু বিভাগের নাম শুধুমাত্র আল-ফিকহ হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয় এই বিভাগের শিক্ষার্থীরা। কর্মক্ষেত্রেও নামের কারনে বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হতে হয় বলে তারা অভিযোগ করে। এর আগে ২০০৬ সালে বিভাগের নাম ও মান নিয়ে আন্দোলন হয়েছে। তখন মান দেওয়া হলেও কিছু জটিলতার কারনে বিভাগের নাম পরিবর্তন সম্ভব হয়নি বলে জানা যায়।

এবিষয়ে আল-ফিক্হ বিভাগের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমারা নেয্য অধিকার থেকে বঞ্চিত। ২৬০০ নম্বরের সাধারন আইন অধ্যয়ন করেও বিভাগের নামের কারণে আমরা বৈষম্যের শিকার হই। আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

আল-ফিক্হ বিভাগের সভাপতি ড. এ কে এম নুরুল ইসলাম বলেন,‘ শিক্ষার্থীদের কল্যাণে আমরা যে কোন ধরনের সিদ্ধান্ত নিতে প্রস্তুত। নাম পরিবর্তন বিষয়টি প্রক্রিয়াধীন। অল্প সময়ের মধ্যে বিষয়টি নিয়ে অ্যাকাডেমিক সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

হিমেল/জারিফ