ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা জোড়দার করতে গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনটি আবাসিক হলে পুলিশি তল্লাশি চালানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ৩ টা পর্যন্ত মতিহার থানা পুলিশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক বা কোন কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান বলেন, নাট্যকলা বিভাগ কর্তৃক আয়োজিত আট দিনব্যাপী নাট্যোৎসবে উদ্বোধন করতে বুধবার সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও ভারতীয় হাই-কমিশনার পঙ্কজ শরণ আসার কথা রয়েছে। তাই ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তার জোড়দার করতে নবাব আব্দুল লতিফ, শাহ্ মখদুম ও শহীদ শামসুজ্জোহা হলে তল্লাশী চালানো হয়েছে।

জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে এ অভিযান চালনো হয়েছে। হলে তল্লাশি করা হলেও সেখান থেকে কিছু উদ্ধার বা কাউকে আটক করা হয়নি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকালে শহীদ মীর আব্দুল কাউয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরি থেকে একটি ককটেল উদ্ধার করা হয়। মন্ত্রী আসার একদিন আগে ডরমিটরিতে ককটেল পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ অনেকের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এআই