দীর্ঘ দিন পর বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের কাছে পেয়ে আনন্দে যেন আত্মহারা। বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে সাজানো হয়েছে সমাবর্তন মঞ্চ। সমাবর্তনের ক্যাপ-গ্রাউন পরিধান করে উল্লাসে মেতেছে সাবেক শিক্ষার্থীরা।
টিএসসিসির সিঁড়িতে, ডায়না চত্তরে, সমাবর্তন মঞ্চ এলাকায় চলছে তোড়জোড় ফটোসেশন। প্রধান ফটক, ডায়না চত্তর, অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনগুলো, আবাসিক হলসহ পুরো ক্যাম্পাসের রাস্তার দুই পাশ সেজেছে রং-বেরঙের বাতিতে।
সবমিলে ক্যাম্পাস যেন ভাসছে আনন্দের নাউয়ে। দেশের মধ্যে সর্ববৃহৎ এ সমাবর্তনে প্রায় ১২ হাজার মানুষের সমাগম ঘটবে।
‘আন্তর্জাতিকীকরণের পথে ইসলামী বিশ্ববিদ্যালয়’ এই শ্লোগানকে সামনে রেখে আগামীকাল ৭ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ। বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত এ সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। ধন্যবাদ জ্ঞাপন করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এবং শুভেচ্ছা জ্ঞাপন করবেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা।
সমাবর্তন অনুষ্ঠানের পূর্বে মহামান্য রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নব নির্মিত সর্ববৃহৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল “মৃত্যুঞ্জয়ী মুজিব”, দেশরত্ব শেখ হাসিনা হল, শেখ রাসেল হল, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম.এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন এবং দৃষ্টি নন্দন ফোয়ারা “সততা ফোয়ারা”র শুভ উদ্বোধন করবেন। এরপর দুপুর ১২.২৫ মিনিটে সমাবর্তন শোভাযাত্রাসহ সমাবর্তন স্থলে মহামান্য রাষ্ট্রপতি আগমন করবেন।
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এ সমাবর্তনে স্নাতক,স্নাতকোওর মফিল ও পিএইচ. ডি ডিগ্রী প্রাপ্ত ৯৩৭৬জন শিক্ষার্থী সনদ পত্র গ্রহণ করবেন।
এছাড়া অনুষদের প্রথম স্থান অধিকারকারী বিভিন্ন বিভাগের ৮১জন শিক্ষার্থী স্বর্ণ পদক পাবেন। এরমধ্যে ২০ জন পদকধারী মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণ পদক গ্রহণ করবেন। সনদপত্র প্রদান অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানস্থলে সকাল সাড়ে ১০টা হতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিবন্ধিত গ্রাজুয়েটরা এবং বেলা সাড়ে ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করবেন।
ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস, হাতব্যাগ, ক্যামেরা, পানির বোতল সাথে নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে সাজ সাজ রব। সমাবর্তন উপলক্ষে গঠিত ২৩টি কমিটি ইতোমধ্যে তাদের সকল কর্মপরিকল্পনা সম্পন্ন করেছেন। দীর্ঘ দিনের প্রত্যাশিত এ সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু ও সফল করতে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা সকলের সহযোগিতা কামনা করেছেন।
সাইফুল্লাহ/এমআর





