বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রাক্তন উপাচার্য অধ্যাপক মো. রফিকুল হকের সময় নিয়োগ পাওয়া ৩য় ও ৪র্থ শ্রেণির ৯৬ জন কর্মচারীর নিয়োগ বাতিল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে ওই সময়ে নিয়োগপ্রাপ্ত ৩১৩ জন কর্মচারীর মধ্যে ৯৬ জনের নিয়োগের উপযুক্ত কাগজপত্র, নিয়োগে অনিয়ম, আবেদন না করে চাকরিসহ বিভিন্ন প্রমাণ পাওয়ায় তাদের নিয়োগ বাতিল করে।
রোববার বিকালে উপাচার্য প্রফেসর আলী আকবর অনুমোদিত এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রশাসন ভবনে সাঁটিয়ে দেওয়া হয়েছে।
প্রফেসর ড. রফিকুল হক উপাচার্যের দায়িত্বে থাকার সময় ২৮৭ জন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ৩১৩ জনকে নিয়োগ দেন। পরে ওই নিয়োগে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালা ভঙ্গের এবং ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ লেনদেনের অভিযোগ ওঠে। এ সময় ওই নিয়োগ বাতিলের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আবেদন করেন আওয়ামীপস্থি শিক্ষকেরা। শিক্ষকদের দাবির প্রেক্ষিতে তদন্ত করে নিয়োগ প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানায় ইউজিসি।
প্রায় একই সময় নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং নারী কেলেঙ্কারির অভিযোগে শিক্ষকদের তীব্র আন্দোলনের মুখে নতুন নিয়োগপ্রাপ্তদের বেতনের ব্যাবস্থা না করেই ৭ এপ্রিল পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল হক।
কর্মচারীর নিয়োগ বাতিলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম বলেন, তদন্তে ওই নিয়োগ প্রক্রিয়ায় অনেক কর্মচারীর ব্যাংক ড্রাফট না থাকা, একই ব্যক্তির ৩য় ও ৪র্থ শ্রেণিতে নিয়োগ হওয়া এবং নানা অনিয়ম পাওয়ায় ৯৬ জনের নিয়োগ বাতিল করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. আফজাল হোসেন জানান, তদন্ত সাপেক্ষ তাদের বাদ দেওয়া হয়েছে।
কেএইচ





