শুক্রবার থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে। কাল সকাল নয়টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে জেএসসি এবং কুরআন মজিদ ও তাজবিদের মধ্য দিয়ে জেডিসি পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গত ২ নভেম্বর থেকে ২০১৪ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামীর হরতালের কারণে তা নেয়া সম্ভব হয়নি। আগামীকাল ৭ নভেম্বর শুক্রবার থেকে তা শুরু হচ্ছে।

হরতালের কারণে প্রথম দফায় ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা দুটি ৭ ও ১৪ নভেম্বর তারিখে পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বরে ঘোষিত পরীক্ষা দুটি ১৯ ও ২০ নভেম্বর পরিবর্তন করা হয়েছে।

৩ নভেম্বরে নির্ধারিত জেএসসির বাংলা দ্বিতীয় পত্র ১৪ নভেম্বর শুক্রবার সকাল নয়টা থেকে শুরু হবে। ৩ নভেম্বরের জেডিসির আকাইদ ও ফিকহ এবং আত-তাও​হিদ ওয়ালফিকহ (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) পরীক্ষা ১৪ নভেম্বর শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।

৫ নভেম্বরে অনুষ্ঠেয় জেএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা এবং ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হবে।

৫ নভেম্বর অনুষ্ঠেয় জেডিসির আরবি প্রথম পত্র পরীক্ষা ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা এবং ৬ নভেম্বর অনুষ্ঠেয় আরবি দ্বিতীয় পত্র ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হবে।

জেএসসি-জেডিসি পরীক্ষার ২১ লাখ শিক্ষার্থী, তাদের শিক্ষক-অভিভাবকসহ লাখ লাখ মানুষ পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন। ২৩ নভেম্বর শুরু হবে প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা। এতে অংশ নেবে ৩০ লাখের বেশি শিক্ষার্থী।

কেএইচ