সরকারি বিধি অনুযায়ি স্বীকৃতিপ্রাপ্ত সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভূক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
একই সঙ্গে সরকারি শিক্ষাপতিষ্ঠানের মত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল অনুযায়ি নিয়মিত বার্ষিক প্রবৃদ্ধি, মেডিকেল ভাতা, বাড়ি ভাড়া, উৎসব ভাতাসহ পূর্বের ন্যায় টাইম স্কেল প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে ৭ দফা দাবি উত্থাপন করা হয়।
সমিতির সভাপতি অধ্যক্ষ এমএ আউয়াল সিদ্দিকী লিখিত বক্তব্যে বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের কল্যান ট্রাস্টের ফান্ড ঘাটতি পূরণে প্রতিবছর জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং শিক্ষক-কর্মচারি অবসর গ্রহণের তিন মাসের মধ্যে তাদের প্রাপ্য আর্থিক সুবিধা প্রদান করতে হবে।’
এ সময় প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা পরিহারে একটি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিও জানানো হয়।
এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রেষণে নিয়োজিত করার ব্যবস্থা গ্রহণের দাবি জানায় শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিলকিস জামান, সহ-সভাপতি অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় সমরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইআর





