ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে রেজিস্ট্রার মুহাম্মদ সাহুল আফজালকে দীর্ঘ ছুটিতে পাঠানো হয়েছে।
আর আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদের অব্যাহতিপত্র প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া সিনিয়র অফিসার মো. জাবেদ রাসেল, সহকারী রেজিস্ট্রার মো. মাহিউদ্দিন পদত্যাগপত্র দিলে সেটিও গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রেজিস্ট্রার সাহুল দীর্ঘ ছুটির আবেদন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি অনুমোদন করেছে। ৬ই আগস্ট থেকে ছুটি কার্যকর হবে। একইসঙ্গে সিকিউরিটি গার্ডের দ্বারা শিক্ষার্থী হয়রানির যে অভিযোগ আনা হয়েছিল, বিশ্ববিদ্যালয় কমিটি সেটি নিয়ে কাজ শুরু করেছে বলেও জানানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সব দাবিই মেনে নিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘটনার প্রেক্ষিতে গঠিত অনুসন্ধান কমিটি তাদের কাজ অব্যাহত রাখবে। এ অবস্থায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং ছাত্র-ছাত্রীদের একাডেমিক কার্যক্রম বিঘ্ন না হওয়ার স্বার্থে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদ রোববার (০১ আগস্ট) রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মারধর করার অভিযোগ তোলেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
এমবি





