জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় উদ্ভূত সমস্যার যৌক্তিক ও সম্মানজনক সমাধান হওয়ায় লাগাতার অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তি ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নামজুল হোসেন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন।
সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নামজুল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দীর্ঘ আলাপ আলোচনা করে।
এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্যা সমাধানে যা কিছু করণীয় তাই করবে বলে আশ্বাস দিলে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত সমস্যা নিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হয়। এত উদ্ভূত পরিস্থিতির একটি যৌক্তিক ও সম্মানজনক সমাধান হয়।
উল্লেখ্য ৩১ জুলাই সকাল থেকে ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষার্থীরা মামলা প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ শুরু করেন।
এমএনজে





