বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শেষমোড় সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত শিক্ষার্থীরা হলেন– সিয়াম (পশুপালন অনুষদ, ৩য় বর্ষ), অন্তর ও ইমন (ভেটেরিনারি অনুষদ, ২য় বর্ষ), তানভীর (কৃষি অনুষদ, ১ম বর্ষ) এবং প্রিয় (কৃষি অর্থনীতি অনুষদ, ২য় বর্ষ)।
আহতদের উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কয়েকজন বহিরাগত ঈশা খাঁ হলে প্রবেশ করলে চোর সন্দেহে তাদের আটক করেন শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে হল কর্তৃপক্ষের হস্তক্ষেপে বহিরাগতদের ছেড়ে দেওয়া হলেও এর জেরে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা শেষমোড় এলাকায় খাবার খেতে গেলে স্থানীয়রা তাদের বাধা দেয়। একপর্যায়ে বহিরাগতরা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল ও লোহার পাইপ নিয়ে হামলা চালায়। এতে এক শিক্ষার্থীর মাথা ও অন্য একজনের নাক ফেটে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।