রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলে আলোচনা ও কেক কাটার মধ্য জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১তম জন্মদিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে রোববার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে জন্মদিনের কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
এসময় সেখানে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সদ্বীপ মিত্র ও তাঁর স্ত্রী শ্রীমতি সীমা মিত্র, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. আনসার আলী, রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নীলুফার সুলতানা, ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন, স্কুলের অধ্যক্ষ মোমেনা জীনাতসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এসময় আলোচনায় বক্তারা বলেন, শিশুরা নিষ্পাপ, ফুলের মত পবিত্র। শেখ রাসেলকে হত্যার সময় সে ছিল শিশু। কিন্তু সেও ঘাতকের রোষানল থেকে রেহাই পায়নি। স্বাধীন বাংলাদেশে জাতির জনকের পুত্র কত অসহায় ও বিপন্ন ছিল তা এই হত্যাকাণ্ড থেকেই বোঝা যায়।
শিশু হত্যার মত এই নির্মম ঘটনা আমাদের গোটা জাতিকে অপরাধী করে দেয়। আজ শেখ রাসেল বেঁচে থাকলে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দেশ ও জাতির অন্যতম কৃতী সন্তান হতে পারতেন।
স্কুলের উপাধ্যাক্ষ লায়লা আরজুমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্কুলের শিক্ষক ড. সৈয়দা দিলরুবা ও নূরজাহান বেগম।দিবসটি উপলক্ষে শেখ রাসেল মডেল স্কুল আয়োজিত কর্মসূচির মধ্যে আরো ছিল চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, শোভাযাত্রা ইত্যাদি।
এসএইচ





